ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৩৩

নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগী |সংগৃহীত

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে।

অধিদফতর আরো জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৩ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৪৯ হাজার ৩৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ইউএনবি