জনবল সঙ্কট কাটাতে সাড়ে ৩৪ হাজার পদে দ্রুত নিয়োগে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ

জনবল সঙ্কটের কারণে স্বাস্থ্য সেবার ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই জনস্বার্থে শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্য মন্ত্রণালয়
স্বাস্থ্য মন্ত্রণালয় |নয়া দিগন্ত

স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে থাকা ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

জনস্বার্থে এসব পদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের এমআইএসের মানবসম্পদ তথ্যব্যবস্থা (এইচআরআইএস) অনুযায়ী ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ বর্তমানে শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৪ হাজার ৭১৪।

এসব পদ দেশের বিভাগীয় কার্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদফতরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ বলেছে, জনবল সঙ্কটের কারণে স্বাস্থ্য সেবার ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই জনস্বার্থে শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

চিঠির অনুলিপি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সঙ্কট নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : বাসস