বাড্ডায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

নয়া দিগন্ত অনলাইন

অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য রাজধানীর বাড্ডায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন নামের একটি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে ফারাজী হাসপাতাল লিমিটেড ও ফারাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা ক্যাম্পে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের চেয়ারম্যান ও ফারাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মো. হারুনুর রশীদ, প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ফিরোজ আলম সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বাড্ডা থানা শাখার সভাপতি তৌফিক অপু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আজগর আলী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এম. মোক্তার হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংগঠনটি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংগঠনের জেলা, উপজেলা ও থানা কমিটিগুলোকে নিজ নিজ এলাকায় নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজীবন সদস্য, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, সমাজসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।