আদ-দ্বীন মেডিক্যাল কলেজের বিরুদ্ধে নেয়া ব্যবস্থার কথা উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা হাসপাতালটি বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে মেডিক্যাল কলেজ বন্ধ করা হয়নি। শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাক্টিস করতে পারবেন।
আজ সোমবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যসেবা খাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ কোনো রকম খারাপ কিছু বা অবহেলা করলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, তামাক একটি মারাত্মক আসক্তি এবং এটি মানুষের শরীরের এমন কোনো অঙ্গ নেই যা আক্রান্ত করে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রচলিত আইনের ফাঁক গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তামাকের থাবা থেকে সমাজকে রক্ষা করতে আইন আরো শক্ত করা প্রয়োজন।
হামের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, হাম একেবারে শেষ হয়ে যাবে না। গত পরশু আক্রান্তের সংখ্যা সাত শ’ থাকলেও গতকাল তা এক হাজারে উঠেছে। অনেক সময় সাধারণ জ্বর হলেও মানুষ হামে আক্রান্ত হয়। গত এক সপ্তাহে হামে মৃত্যুর সংখ্যা শূন্য। তবে দুয়েকজন যে মারা যাচ্ছে না, তা নয়। গত ২০ তারিখে যে টিকা দেয়া হয়েছে, তার অ্যান্টিবডি তৈরি হতেও এক মাস সময় লাগে। সময়মতো ডাক্তার-নার্সরা সেবা না দিলে এবং যন্ত্রপাতি ও টিকা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি অনেক খারাপ হতে পারত।
আলোচনা সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য সচিব মো: কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।



