হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু |সংগৃহীত

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১টি শিশু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৭৯টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৯৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭৪। এই সময়ে ৯৪১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৭ হাজার ৮১৯ রোগী, যাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি