ঢামেকে রোগী বাণিজ্য চক্রের দুই সদস্য আটক

‘ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য মো: ইসহাক দেখতে পান, ওই দুই ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।’

নয়া দিগন্ত অনলাইন
অভিযুক্ত রোগী বাণিজ্য চক্রের সদস্যরা
অভিযুক্ত রোগী বাণিজ্য চক্রের সদস্যরা |সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেয়ার চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ড থেকে মো: শাকিল ও মনির নামে দুই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: আশিকুজ্জামান।

তিনি জানান, ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্য মো: ইসহাক দেখতে পান, ওই দুই ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে টহলরত আনসার সদস্য মো: কাশেম মিয়া ও মো: আল আমিনকে বিষয়টি জানান।

খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনকে বিষয়টি জানানো হলে কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মো: আশিকুজ্জামান বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধ, রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও সেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো: শাহাদাত বলেন, হাসপাতালের পরিচালক আমাদের দালালবিরোধী অভিযান এবং যারা অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা করেন তাদের আটকের নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে রোগী ভাগিয়ে নেয়ার চেষ্টার সময় দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। ইউএনবি