সাংবাদিকদের সাথে অসদাচরণের ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

ঘটনার পরদিনই আদ্-দ্বীন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। তদন্তে দুই কর্মীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তবে সামাজিক মর্যাদার বিষয় বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটনায় দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় ৩০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ তাদের প্রবেশে নিরুৎসাহিত করার উদ্যোগ নেয়। একপর্যায়ে হাসপাতালের কয়েকজন কর্মীর সাথে সাংবাদিকদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

ঘটনার পরদিনই আদ্-দ্বীন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। তদন্তে দুই কর্মীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তবে সামাজিক মর্যাদার বিষয় বিবেচনায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আদ্-দ্বীন সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে আসছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সেই অবস্থানেরই প্রতিফলন।