আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিশুমৃত্যুর ঘটনার পর আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জামালুন্নেসা, আর প্রতিষ্ঠানটি অবকাঠামো ও তদারকি ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল
আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানের সদ্য স্বেচ্ছায় পদত্যাগ করা শিক্ষক অধ্যাপক জামালান্নেসাকে নির্বাহী পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে আদ্-দ্বীন কর্তৃপক্ষ বলেছে, ‘সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমস্ত দেশের সাথে আমরাও গভীরভাবে শোকাহত। ইতোমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটকল পূণর্মুল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে।’

তারা আরো বলেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ়ভাবে ইচ্ছুক। আমরা ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু করেছি। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন ইন্ডিপেনডেন্ট কনসালটেন্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান। করপোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ‘প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা: শেখ মহিউদ্দিন তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং পরিচালনা পরিরষদ এই দায়িত্ব অধ্যাপক ড. জামালুন্নেসার উপর ন্যস্ত করেছে।’

উল্লেখ্য, অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগে শিক্ষাকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন।

অলাভজনক প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ ও আয়বৃদ্ধিমূলক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিক্যাল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে।

শুধুমাত্র আদ্‌-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল মগবাজার ঢাকায় বিগত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং ১১ জুন ২০২৬ সাল পর্যন্ত প্রতিদিন বর্হিবিভাগে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এই হাসপাতালের সাথে সরাসরি ১,৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের মধ্যে বেশিভাগই নারী।

আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশী শিক্ষার্থীসহ ৬৪৬ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থী তাদের শিক্ষা ও পেশাগত ভবিষ্যতের জন্য এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।