মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: মঞ্জুরুল করিম খানের সাথে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার (বিসিপিএম) নবগঠিত কার্যকরী কমিটির নেতাদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভা
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভা |সংগৃহীত

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: মঞ্জুরুল করিম খানের সাথে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার (বিসিপিএম) নবগঠিত কার্যকরী কমিটির নেতাদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা হাইকমিশনারের সামনে তুলে ধরেন। এ সময় হাইকমিশনারের সাথে দূতাবাসের কাউন্সেলর (কনস্যুলার) গোলাম রাব্বানী এবং প্রথম সচিব (প্রেস) মো: তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় হাইকমিশনার মঞ্জুরুল করিম খান মালয়েশিয়া থেকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘মালয়েশিয়া হোস্ট কান্ট্রি হিসেবে আমাদের মেহমানের মতো রেখেছে। তাই তাদের সংবেদনশীল জায়গা, কোনো প্রতিষ্ঠান বা জনগণ যেন আমাদের কারণে ক্ষুণ্ণ না হয়।’

হাইকমিশনার আরো উল্লেখ করেন, শ্রমবাজারের পাশাপাশি মালয়েশিয়ার সাথে দ্বিপক্ষীয় সম্পর্কে বাণিজ্য ও শিক্ষা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জড়িত রয়েছে। একইসাথে তিনি মালয়েশিয়া সরকারের নেয়া বিদেশী কর্মীদের সামাজিক সুরক্ষা ও বীমাসংক্রান্ত উদ্যোগগুলোর সাথে বাংলাদেশী কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর জোর দেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভকামনা ও অভিনন্দন জানিয়ে হাইকমিশনার বলেন, ‘মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সাথে দেশের মানুষের যেমন সেতুবন্ধন তৈরি করছেন, তেমনি দূতাবাসের সাথেও প্রবাসীদের সেতু হিসেবে কাজ করছেন।’

এছাড়াও সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা কামনা করেন তিনি।

সভায় সাংবাদিক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দফতর সম্পাদক সওকত হোসেন জনি এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান।