এবার বাংলাদেশের আম যাবে মালয়েশিয়ায়, আসছে প্রতিনিধি দল

রফতানি পণ্য বহুমুখীকরণের লক্ষে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর ২০২৩ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি তাজা আম রফতানির সুযোগ তৈরিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
এবার বাংলাদেশের আম যাবে মালয়েশিয়ায়
এবার বাংলাদেশের আম যাবে মালয়েশিয়ায় |নয়া দিগন্ত

রফতানি পণ্য বহুমুখীকরণের লক্ষে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর ২০২৩ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি তাজা আম রফতানির সুযোগ তৈরিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

হাইকমিশন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে মালয়েশিয়ার কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানসহ পেস্ট রিস্ক অ্যানালাইসিস (পিআরএ) রিপোর্ট প্রেরণ করেছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রেস উইংয়ের মো: তরিকুল ইসলাম।

এই লক্ষে হাইকমিশন মালয়েশিয়ার কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগসহ বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, আগ্রহী আমদানিকারক ও সুপারশপের সাথে একাধিক সভা করেছে। মালয়েশিয়ার বাজারে আমের ব্যাপক চাহিদা এবং বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর কারণে এই বাজারের প্রতি আমদানিকারক ও রফতানিকারকদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে।

মালয়েশিয়ার পরিদর্শন প্রস্তাবে সম্মত হয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দফতরগুলি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। মালয়েশিয়ার কৃষি বিভাগের দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ০৭-১৩ জুন ২০২৬ তারিখে বাংলাদেশের বিভিন্ন আম উৎপাদন এলাকা, প্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ সুবিধা এবং রফতানি-প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবে।

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদফতরের রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এই পরিদর্শনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

প্রয়োজনীয় মান ও নিরাপত্তা শর্ত পূরণ করা সম্ভব হলে চলতি আম মৌসুমেই মালয়েশিয়ায় বাংলাদেশের তাজা আম রফতানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ায় আমের বাজার উন্মুক্ত হলে তা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে আম রফতানির সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।