‘‘সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পর্যটন নগরী রাজধানী মালের ব্যস্ততম একটি ক্লাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এতে বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দলটির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। এরপর দলটির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুবদল নেতা আরিফুল ইসলাম, আবু জাহের, আবু আহমেদ সেলিমসহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকারে আসার ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করাসহ একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যাবেন তিনি—এই প্রত্যাশা।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।
এই দিন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ঘিরে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এজন্য সংগঠনের সভাপতি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।



