মালয়েশিয়ার আন্তর্জাতিক মেশিনারি মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৬৫০টি বুথে অংশ নেয়।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
৩৭তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলা ২০২৬-এ বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে
৩৭তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারি মেলা ২০২৬-এ বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে |নয়া দিগন্ত

মালয়েশিয়ার অন্যতম বৃহৎ শিল্প ও প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী ৩৭তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ার (এমআইএমএফ) ২০২৬-এ বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান তিনটি বুথে অংশ নিয়েছে। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সক্রিয় উদ্যোগ ও সমন্বয়ে এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো আয়োজনে অংশ নেয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার অব ওয়ার্কস দাতুক সেরি আহমাদ মাসলান।

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৬৫০টি বুথে অংশ নেয়।

মেলা উদ্বোধন শেষে ডেপুটি মিনিস্টার ও অন্য অতিথিরা বাংলাদেশের বুথগুলো পরিদর্শন করেন। এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, বিপিজিএমইএ-এর সভাপতি শামীম আহমেদ ও অংশ নেয়া বাংলাদেশী ব্যবসায়ীর প্রতিনিধিদল।

এসময় বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন সক্ষমতা সম্পর্কে আগত অতিথিদের অবহিত করা হয়। মালয়েশিয়ায় বাংলাদেশের প্লাস্টিকপণ্যের রফতানি বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতা কামনা করা হয়।

মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এই মেলাটি এ অঞ্চলের দীর্ঘতম সময় ধরে অনুষ্ঠিত বাণিজ্য মেলা। যেখানে উৎপাদন, প্যাকেজিং, প্লাস্টিক, মুদ্রণ ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতের অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়।