এবার নিজেই শারিরীক অবস্থার খবর জানালেন মির্জা আব্বাস

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাং-এ অবস্থিত প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে বেশির ভাগ সময় অবস্থান করছেন ইপুহ এলাকায়।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মির্জা আব্বাস ও তার নেতাকর্মীরা
মির্জা আব্বাস ও তার নেতাকর্মীরা |নয়া দিগন্ত

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আশানুরূপ উন্নতির পর গত কয়েক মাস ধরে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। ধীরে ধীরে আরো সুস্থ হচ্ছেন বলেও জানান তিনি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাং-এ অবস্থিত প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে সেখানে যাবতীয় চিকিৎসা নিলেও বেশির ভাগ সময় অবস্থান করছেন কুয়ালালামপুর থেকে কয়েক শ’ কিলোমিটার দূরের রাজ্য ইপুহ এলাকায়। সেখানেও ফিজিওথেরাপি নিচ্ছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে সরেজমিনে প্রিন্সে কোর্ট মেডিক্যাল সেন্টারের লবিতে গিয়ে দেখা যায়, সেখানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে স্থানীয় ও বাংলাদেশ থেকে যাওয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী ও প্রবাসীরা অপেক্ষা করছেন।

কিছুক্ষণ অপেক্ষা করার পর বহুতল ভবন হাসপাতালটির লিফট থেকে হুইলচেয়ারে করে লবিতে আসলেন তিনি। তার সাথে আছেন এক মেয়ে এবং সহধর্মিণী আফরোজা আব্বাস। এ সময় নেতাকর্মীরা শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি আন্তরিকভাবে সবার সাথে কথা বলেন।

মির্জা আব্বাস জানান, আগের চেয়ে অনেকটাই এখন সুস্থ। ধীরে ধীরে আরো সুস্থ হচ্ছেন তবে মনে না থাকার সমস্যাটা এখনো আছে।

বাংলাদেশে কখন ফিরে যাবেন? প্রতিবেদকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কি বলেন, আমি এখনো অসুস্থ, দেশবাসী সবাইকে বলবেন আমার জন্য যেন দোয়া করে, আল্লাহ যখন নেয় তখন যাবো।’

এর আগে, ১৬ মে বিকেল সাড়ে ৬টার দিকে প্রিন্সে কোর্ট মেডিক্যাল সেন্টারের লবিতে উপস্থিত সাংবাদিকদের সাথে এক ব্রিফিং-এ আফরোজা আব্বাস বলেন, ‘উনার শারিরীক অবস্থা এতটা ক্রিটিক্যাল ছিল যে ওই অবস্থা থেকে ফিরে আসাটা আমাদের জন্য স্বপ্নের মত মনে হয়েছে। এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আশা করি, আমরা খুব শ্রীঘ্রই জুনের মধ্যে দেশে ফিরতে পারব।’

তবে মঙ্গলবার আফরোজা আব্বাসের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মিডিয়ার সামনে কোনো কথা বলতে চান না।