মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকা থেকে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এরমধ্যে ১১৮ জনই বাংলাদেশী অভিবাসী।
শনিবার (২০ জুন) গভীর রাতে বিদেশী নাগরিকরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে এবং বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করে। তবে পুলিশ শেষ পর্যন্ত সবাইকে আটক করে।
অভিযান চলাকালে ৩২০ বিদেশী নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৮৬ জনকে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশী নাগরিক- মোট ১১৮ জন। এছাড়া ইন্দোনেশীয় ২৮ জন (৭ পুরুষ ও ২১ নারী), ২৬ জন মিয়ানমারের নাগরিক (১৩ পুরুষ ও ১৩ নারী), ৫ ভিয়েতনামী (৩ পুরুষ ও ২ নারী), ৪ নেপালি, ২ ভারতীয়, ১ পাকিস্তানি ও ২ চীনা নাগরিক (১ পুরুষ ও ১ নারী)।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকদের কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, আবার কেউ কেউ বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের আওতায় তদন্ত চলছে।



