বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।
তিনি বলেন, ‘বিএনপি আপামর জনগণের ভালোবাসা নিয়ে বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল উদার, আধুনিক মনস্ক ও গণতান্ত্রিক রাজনীতির প্রতীক। কারো মিথ্যা প্রচারণা দিয়ে বিএনপির গণজোয়ার রোধ করা যাবে না। আগামীর নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্বেই থাকবেন তারেক রহমান।’
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন এবং বর্তমান সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে কেন্দ্র করে এই দিন মালদ্বীপ প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সংগঠনের আহ্বায়ক মাসুম মুন্না উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধনবাদ জানান।
সংগঠনটির মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্নার সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও সদস্য সচিব নুর নবী মানিকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ সভাপতি মো: ফারুক, শাহ আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সহ সাংগঠনিক আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম এবং সংগঠনটির নেতাকর্মীরাসহ উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।



