‎‎রুয়েটে জুলাই হামলার আসামি রাইসুল এখনো স্বপদে

‎৫ আগস্টের হামলায় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ‎মামলার পর দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর সম্প্রতি রুয়েট রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তার যোগদানের বিষয়ে বলা হয়েছে।

Location :

Rajshahi

‎রুয়েট প্রতিনিধি
‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ জুলাই হামলা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও এখনো স্বপদে বহাল হয়েছেন।

‎রাইসুল ইসলাম রোজ ২০০৮-২০০৯ সেশনের নিষিদ্ধ ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ছিলেন। সংগঠনটির নেতৃত্বে থাকাকালীন তার বিরুদ্ধে রুয়েটের আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিতর্কিত নিয়োগের মাধ্যমে তিনি রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে সেকশন অফিসার হিসেবে কর্মরত হন।

‎৫ আগস্টের হামলায় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ‎মামলার পর দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর সম্প্রতি রুয়েট রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তার যোগদানের বিষয়ে বলা হয়েছে। ৫৫৭০নং স্মারক সংবলিত বিজ্ঞপ্তিতে "কর্তব্য-কর্মে যোগদান প্রসংগে" শিরোনামে রাইসুল ইসলামের পুনরায় স্বীয় পদে কর্মস্থলে যোগদানপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

‎এ বিষয়ে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী জানান, রাইসুল ইসলাম রোজের বিরুদ্ধে জুলাই হামলাসংক্রান্ত কোনো নথি রুয়েট প্রশাসনের কাছে নেই। এছাড়া তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামি-এ বিষয়েও প্রশাসন অবগত নয়। যথাযথ অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

‎এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ২০২৩ সালের ৩১ আগস্টের অনুসন্ধান নথিতে তৎকালীন রুয়েট ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকায় রাইসুল ইসলাম রোজের নাম রয়েছে।

‎একই জুলাই হামলা মামলার এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম বিপু ও মুফতি মাহমুদ রনিও বর্তমানে রুয়েটে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।