জাতিসঙ্ঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন জাবির সাবেক শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান

জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি (ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শিক্ষাবিদ অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
জাতিসঙ্ঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন জাবির সাবেক শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান
জাতিসঙ্ঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন জাবির সাবেক শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান |নয়া দিগন্ত

জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি (ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শিক্ষাবিদ অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। রাষ্ট্রদূতের (গ্রেড-১) মর্যাদায় তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত আধা-সরকারি পত্র (ডিও লেটার) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিও লেটারের তথ্য অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ ভুক্ত পদ ও বেতনসহ আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হচ্ছে এ কে এম ওয়াহিদুজ্জামানকে।

জাতিসঙ্ঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কার্যক্রম সুচারু ও গতিশীল রাখতে, বিশেষ করে উচ্চপর্যায়ের বৈঠকসমূহে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য তাকে এই নিয়োগ দেয়া হচ্ছে।

জানা যায়, এ কে এম ওয়াহিদুজ্জামান একজন প্রখ্যাত শিক্ষা, ব্যাংকিং, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জলবায়ু বিশেষজ্ঞ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ১৯৯১ সালে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক এবং ১৯৯২ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

পেশাগত জীবনের শুরুতে ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কাজ করলেও পরে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন আজিজুল হক কলেজ ও ঢাকা কলেজে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘ সময় (২০০২-২০২০) কর্মরত ছিলেন তিনি। বর্তমানে তিনি জুনিভান হোল্ডিংস ইনক.-এ ডিজিটাল মার্কেটিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং ও রিমোট সেন্সিং বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে ওয়াহিদুজ্জামানের। এ ছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও অভিবাসন বিষয়ক বহু আন্তর্জাতিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধও লিখেছেন তিনি।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ, বিভিন্ন অঙ্গসংস্থা ও কমিটির বৈঠকে অংশগ্রহণ ও বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার এসব অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে ডিও লেটারে।

ওয়াহিদুজ্জামানের নিয়োগের প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে চিঠিতে।