ডাকসু ভিপির অভিযোগ

প্রশাসনের অসহযোগিতায় অনুমোদিত দুই ডজন প্রকল্প ঝুলে আছে

ডাকসু ভিপি বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এসব প্রকল্প কেন বাস্তবায়ন করা হচ্ছে না, সে বিষয়ে কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুমোদিত শিক্ষার্থীবান্ধব প্রকল্পগুলো যদি রাজনৈতিক বিবেচনায় স্থগিত রাখা হয়ে থাকে, তবে তা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী হবে।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে অনুমোদিত প্রায় দুই ডজন উন্নয়ন ও সেবামূলক প্রকল্প এখনো বাস্তবায়ন হয়নি। তিনি এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা এবং সরকারের বিভিন্ন মহলের বাধাকে দায়ী করেন।

মঙ্গলবার এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ডাকসুর উদ্যোগে ও বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় শিক্ষার্থীবান্ধব একাধিক প্রকল্প অনুমোদন পেলেও সেগুলোর বেশিরভাগই দীর্ঘদিন ধরে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

তার দাবি, ডাকসু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সমন্বয়ে আবাসিক হলগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন, আইটি প্রশিক্ষণ, ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং ইনোভেশন হাব প্রতিষ্ঠাসহ ছয়টি বড় প্রকল্প বাস্তবায়ন হয়নি।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কারিগরি সহায়তায় বাস্তবায়নের জন্য নির্ধারিত পাঁচটি প্রকল্পও আটকে আছে বলে দাবি করেন তিনি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে স্যার এ. এফ. রহমান হলের প্রবেশদ্বার নির্মাণ, ডাকসু ক্যাফেটেরিয়ার সংস্কার, ক্যাম্পাসের পুকুরের পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ, লাইটিং এবং সৌন্দর্যবর্ধন।

বিবৃতিতে আরো বলা হয়, কাজী মোতাহার হোসেন ভবন এলাকায় ক্যান্টিন স্থাপন, ক্যাম্পাসে বড় আকারের ডাস্টবিন বসানো এবং প্রায় দুই কোটি টাকার ক্যান্টিন প্রকল্পও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও সুপারিশ পাওয়ার পর বাস্তবায়ন হয়নি।

সাদিক কায়েমের দাবি, ক্যাম্পাসে নিবন্ধিত রিকশা ব্যবস্থা চালু, পুলিশ কর্মকর্তা নিয়োগ, পুরোনো যানবাহন নিলামে বিক্রি করে নতুন দুটি মিনিবাস ও দুটি মাইক্রোবাস কেনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে মাঠ সংস্কার এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে ক্যান্টিনে খাদ্য সরবরাহের উদ্যোগও স্থবির হয়ে আছে।

এ ছাড়া পাবলিক ওয়াশরুম নির্মাণ, কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কলাভবন পর্যন্ত সড়ক সংস্কার, আবাসিক হলগুলোতে বাগান স্থাপন, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা, হলের আসবাবপত্র সরবরাহ, মসজিদ উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও 'অল ইন ওয়ান ডিইউ অ্যাপ' তৈরি, কার্জন হল এলাকায় নতুন ক্যান্টিন ও প্রক্টরিয়াল অফিস স্থাপন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় হলভিত্তিক মক্তব প্রকল্পসহ আরো কয়েকটি উদ্যোগও বাস্তবায়ন হয়নি বলে তিনি অভিযোগ করেন।

ডাকসু ভিপি বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এসব প্রকল্প কেন বাস্তবায়ন করা হচ্ছে না, সে বিষয়ে কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুমোদিত শিক্ষার্থীবান্ধব প্রকল্পগুলো যদি রাজনৈতিক বিবেচনায় স্থগিত রাখা হয়ে থাকে, তবে তা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী হবে।

সাদিক কায়েম আরো বলেন, প্রশাসনের এত অসহযোগিতা সত্বেও আমরা শিক্ষার্থীদের দেয়া সকল কমিটমেন্ট বাস্তবায়নে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাজেট ঘাটতি, বাজেট সঙ্কট উপেক্ষা করে হলেও আমরা আমাদের দায়িত্বকালীন সময়ের মধ্যেই অঙ্গীকার বাস্তবায়ন করে যাব এবং একটি সুন্দর ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য রেখে যাবো ইনশাআল্লাহ।