এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থীর মৃত্যু

স্ট্রোক করার পর উন্নত চিকিৎসার জন্য সাইমনকে এয়ার অ্যাম্বলেন্সে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
রাবি শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন
রাবি শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন

স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘সাইমনের আজ সন্ধ্যায় মৃত্যু হয়েছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেয়া কষ্টকর। সাইমনের লাশ চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে।‘

এর আগে, শনিবার স্ট্রোক করলে সাইমনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।