সাহিত্য ও সংস্কৃতিতে সবার অংশীদারত্ব নিশ্চিত করার লক্ষ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে বই প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক বইটি প্রকাশের পর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ‘ডিজঅ্যাবিলিটিজ রাইটস বাংলাদেশ (ডিআরবি)’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ডাকসুর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বইটি হস্তান্তর করা হয়। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সম্পাদনায় বইটি ব্রেইল সংস্করণে প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ ও এজিএস মুহা. মহিউদ্দীন খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা সবাইকে ধারণ করি। সবাইকে ধারণ করাই আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে বই প্রকাশ করেছেন। এটি একটি ঐতিহাসিক উদ্যোগ।’
তিনি আরো বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ওয়াকওয়ে নির্মাণসহ আমরা বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করেছি। কিন্তু প্রশাসনিক সদিচ্ছার অভাবে সেগুলোর অনেকগুলো বাস্তবায়িত হয়নি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদেরই পরিবারের অংশ। তাদের ভোগান্তি দূর করা এবং প্রয়োজনীয় সেবাগুলো সহজলভ্য করতে আমাদের কাজ করে যেতে হবে।’
ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দীন খান বলেন, ‘ডাকসুর সবচেয়ে শক্তিশালী কাজগুলোর একটি এটি। অতীতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের এভাবে সাহিত্যের সাথে সম্পৃক্ত করে এমন উদ্যোগ আমরা দেখিনি। ডাকসু থেকে এ ধরনের উদ্যোগ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
জিএস এস এম ফরহাদ বলেন, ‘ডাকসুর ঐতিহাসিক ও ভিন্নধর্মী কাজগুলোর মধ্যে ব্রেইলে বই প্রকাশ অন্যতম। আমাদের ইচ্ছা ছিল ডাকসু প্রকাশিত সব বই ব্রেইল সংস্করণে নিয়ে আসার। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। ভবিষ্যতে সুযোগ পেলে সব বই ব্রেইলে প্রকাশ করার উদ্যোগ নেয়া হবে।’
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতিতে সকলের অংশীদারত্ব নিশ্চিত করার ব্যাপারে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যেই ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ বইটি ব্রেইল সংস্করণে প্রকাশ করা হয়েছে। বইটি ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলামের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ডিজঅ্যাবিলিটিজ রাইটস বাংলাদেশকে হস্তান্তর করছি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা এখান থেকে ব্রেইল বই সংগ্রহ করে পড়তে পারবেন।’
বইটি প্রকাশের কাজে আরো যুক্ত ছিলেন রিয়াদুল ইসলাম জুবা, রিজওয়ান মানসুরী, আশফাক উল্লাহ আসিফ, সাইমুম ফেরদৌস ও সুহাইল মাহদীন।
রিয়াদুল ইসলাম জুবার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, আয়োজনের সহযোগী সাইমুম ফেরদৌস, আশফাক উল্লাহ আসিফ, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা।



