‘যুক্তির আলোয় খোলুক চিন্তার দুয়ার’ স্লোগানে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব-২০২৬’।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় জুনিয়র ও সিনিয়র দুই গ্রুপের এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণী দক্ষতা ও বাকশৈলীর প্রাণবন্ত উপস্থাপনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব।
জুনিয়র গ্রুপের ফাইনালে ‘পারিবারিক শিক্ষা ইসলামি মূল্যবোধের মূল ভিত্তি’ বিষয়ে বিতর্কে বিরোধী দল বিজয়ী হয়। সিনিয়র গ্রুপের ফাইনালে ‘পশ্চিমা সংস্কৃতি ইসলামি শিক্ষার জন্য ক্ষতিকর’ বিষয়েও বিরোধী দল জয় পায়। বিতার্কিকদের যুক্তি-পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতিকুল্লাহ, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, মাজালিসুল ইলমের পরিচালক শায়খ আবু নাঈম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক-কর্মকর্তারাও।
প্রধান বিচারক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ও উত্তরা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম। স্পিকার ছিলেন তৌফিক আহমেদ। শেষে বিজয়ী-বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
তানযীমুল উম্মাহ ডিবেটিং ক্লাবের জাতীয় পর্যায়েও রয়েছে সাফল্য। ২০২৫ সালে এটিএন বাংলা জাতীয় ছায়া সংসদ ও ২০২৩ সালে বিআরএসি-এনডিএফ জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন হয় তারা। ২০১৬ ও ২০১৮ সালেও জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দু’বার বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সাফল্য রয়েছে। ২০২৬ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে শতভাগ পাসের পাশাপাশি এ-প্লাস অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞান বিভাগে ১৩২৭ নম্বর পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করেন কাজী মোহাম্মদ আব্দুল্লাহ।



