শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার-বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে, প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দেশের সকল মাদরাসাকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুমোদিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে, দেশের সকল মাদরসায় এ সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেওয়া হলো।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদরাসা (দাখিল, আলিম, ফাজিল ও কামিল) অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : বাসস



