মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার ব্যয় জোগাতে হিমশিম খাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো: নূরশেদ ও তার পরিবার। মায়ের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্ত ও সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।
নূরশেদ ইবির ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামে। ছয় ভাই-বোনের পরিবারে তার বাবা আব্দুল মালেক বয়সের কারণে বর্তমানে কাজ করতে পারেন না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার প্রবাসী বড় ভাই।
গত ১৯ আগস্ট নূরশেদের মা সেতারা বেগমের পাকস্থলীর তৃতীয় পর্যায়ের ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রাথমিকভাবে তাকে ছয়টি কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি কেমোথেরাপিতে ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ প্রায় ৪৫ হাজার টাকা খরচ হবে। এরই মধ্যে একটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।
নূরশেদ জানান, কেমোথেরাপির পর আশানুরূপ উন্নতি না হলে পরবর্তী ধাপে লেজার থেরাপি দেয়ার প্রয়োজন হতে পারে। এরপর উন্নতি হলে অস্ত্রোপচার করতে হবে, যার সম্ভাব্য খরচ প্রায় ছয় থেকে আট লাখ টাকা বা তারও বেশি। সব মিলিয়ে মায়ের চিকিৎসায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে। তবে পরিবারের সীমিত আয়ের কারণে এই ব্যয় বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
নূরশেদ বলেন, ‘আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় এখন আমাদের সামর্থ্যের বাইরে চলে গেছে। কেমোথেরাপি ও পরবর্তী চিকিৎসার খরচ জোগাতে না পারলে মাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। তাই বাধ্য হয়ে সবার কাছে সাহায্যের আবেদন করছি।’
সহযোগিতা ও অনুদান পাঠানোর জন্য :
বিকাশ/নগদ (ব্যক্তিগত) : ০১৮৭৮-৩৮১০৩৪
অথবা,
সিটি ব্যাংক, কুষ্টিয়া শাখা
অ্যাকাউন্টের নাম : মো: নূরশেদ (MD. NURSHED)
অ্যাকাউন্ট নম্বর : ১৭৮১৮৩০০০২৬৩৫
রাউটিং নম্বর : ২২৫৫০০৯৪৩



