শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: খায়রুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উচ্চশিক্ষার ক্ষেত্রে শাবিপ্রবি ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে।
এছাড়া ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: খায়রুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী ও সেকেন্ড সেক্রেটারি (শিক্ষা) রাজেশ ভাটিয়া।



