গোবিপ্রবি প্রতিনিধি
দক্ষিণাঞ্চলের সাত বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া বিভাগটির শিক্ষার্থীদের দুটি দল একই প্রতিযোগিতার আইটি কার্নিভাল ও প্রোগ্রামিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
২৭ থেকে ২৯ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদ ও সিএসই ক্লাব যৌথভাবে আইটি কার্নিভাল ২০২৬ হ্যাকাথন, প্রোগ্রামিং ও আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও সেমিনারের আয়োজন করে। এতে মেধার স্বাক্ষর রাখে গোবিপ্রবির শিক্ষার্থীরা।
রোববার (৩০ আগস্ট) দুপুর ২:৩০ টায় ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান তাঁর অফিস কক্ষে বিজয়ীদের অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালি। এ সময় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় গোবিপ্রবির শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।
প্রতিযোগিতায় কুয়েট, পবিপ্রবি, খুবি, ববি, ইবি ও যবিপ্রবির মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে জিএসটিইউ_নিউরোব্লিৎজ দলের নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি। দ্বিতীয় স্থান অর্জনকারী জেনি'ন ক্ল্যান দলের সদস্যরা হলেন কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক।
একই ইভেন্টের পিএসটিইউ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট টুয়েন্টি টুয়েন্টি সিক্স (সাউথ জোন)-এও সাফল্যের স্বাক্ষর রেখেছে গোবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফের দল 'টিম ঝালমুড়ি'।
একই প্রতিযোগিতায় তিনটি সাফল্য—যা সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে গোবিপ্রবির শিক্ষার্থীদের অন্যতম অর্জন। এতে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতারই প্রকাশ বলে মনে করেন সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি।



