ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর একটি বিতর্কিত ছবি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আবু তৈয়ব হাবিলদার নামে সাবেক এক শিক্ষার্থী ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে ছবি ছিঁড়ে ফেলেন।
আবু তৈয়ব হাবিলদার ডাকসু নির্বাচনে আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ছবিটি ডাকসু সংগ্রহশালায় স্থাপনের পর থেকেই এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল।
ছবি ছিঁড়ে ফেলার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’
তিনি আরো বলেন, ‘ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে প্রিন্সিপাল আবুল কাসেম ১১ মার্চ ১৯৪৮ শুরু করেছিলেন এবং উনার নেতৃত্বে হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেফতার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
এর আগে, ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছিল ছাত্রদল। পাশাপাশি জুলাই স্তম্ভ নিয়েও পদক্ষেপ দাবি করা হয়েছিল।



