গাকৃবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী

বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে গবেষণা ও উদ্ভাবনে জোর দেয়া হচ্ছে

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনে নেতৃত্ব দিতে পারে। এজন্য সরকার শিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে।

Location :

Gazipur

গাজীপুর মহানগর প্রতিনিধি
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শুধু সনদ অর্জন নয়, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। এ লক্ষ্যেই সরকার উচ্চশিক্ষায় গুণগত মানোন্নয়ন এবং ‘রিভার্স ব্রেন ড্রেন’ বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিনে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধনও করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনে নেতৃত্ব দিতে পারে। এজন্য সরকার শিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাকৃবির ভিসি অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্তর্জাতিক অর্জনের চিত্র তুলে ধরেন। তিনি জানান, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। পাশাপাশি এসডিজি-১ সূচকে বিশ্বের ৮২তম, এসডিজি-২-এ ৬৬তম এবং এসডিজি-৪-এ ১০১-২০০-এর মধ্যে অবস্থান করেছে বিশ্ববিদ্যালয়টি।

তিনি আরো বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ ‘অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর’ বিভাগে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে গাকৃবি, যা বাংলাদেশের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অনন্য অর্জন। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি-২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থান পেয়েছে।

ভিসি জানান, তার দায়িত্ব গ্রহণের পর ছয়টি নতুন উন্নত জাত উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে ৯৭টি উচ্চফলনশীল ফসলের জাত এবং ২০টির বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, যা দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ভিসি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, গাকৃবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বছর সামার-২০২৬ টার্মে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তরে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে তিনজনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। অনুষ্ঠানে নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি, গবেষণা কার্যক্রম, শৃঙ্খলা ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী।