যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কর্মসূচির অংশ হিসেবে ভিসি অধ্যাপক ড. মো: এনামউল্যার নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।
র্যালি শেষে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি।
ভিসি মো: এনামউল্যার বলেন, ‘জুলাই শহীদ দিবস কেবল একটি শোকের দিন নয়; বরং এটি জালিমের বিরুদ্ধে মজলুমের আত্মত্যাগ, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক চেতনা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পূরণে শপথ নেয়ার দিন। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—যত বাধাই আসুক জাতির প্রয়োজনে ত্যাগ কখনো বৃথা যায় না; অধিকার আদায়ের ক্ষেত্রে আত্মোৎসর্গই ইতিহাসকে নতুন পথ দেখায়।’
তিনি আরো বলেন, ‘এ দিনে আমাদের প্রিয় প্রাঙ্গণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলের প্রতি আমার একান্ত আহ্বান আসুন, জুলাই শহীদদের মহান আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং পেশাগত উৎকর্ষের মাধ্যমে একটি উন্নত, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখি। পাশাপাশি, সকল বিভেদ, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতাকে পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করি।’
এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আবু হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো: নওশের ওয়ান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান।
শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার নেতারা।
র্যালি ও শ্রদ্ধাজ্ঞলি নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, লাইব্রেরিয়ান, হল সুপার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
এছাড়াও বাদ যোহর সকল শহীদদের স্মরণে হাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।



