নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, বিদায় শব্দটির সাথে স্বাভাবিকভাবেই এক ধরনের আবেগ, শূন্যতা ও বেদনার অনুভূতি জড়িয়ে থাকে। তবে শিক্ষাজীবনের এ বিদায়কে চূড়ান্ত বিদায় হিসেবে নয়, বরং নতুন একটি সম্ভাবনা, দায়িত্ব ও সাফল্যের পথে যাত্রার সূচনা হিসেবে বিবেচনা করতে হবে। যদিও প্রিয় শিক্ষাঙ্গণ, শিক্ষক ও সহপাঠীদের ছেড়ে যাওয়াটা কিছুটা কষ্টের, কিন্তু ভবিষ্যত কর্মজীবনে সাফল্য অর্জনের মধ্য দিয়ে সেই অনুভূতি একসময় গর্ব ও আনন্দে রূপান্তরিত হবে এটাই স্বাভাবিক।’
বক্তব্যে স্নাতকদের পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ভিসি।
একইসাথে তিনি উল্লেখ করেন, আজ আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হলেও নোবিপ্রবির সাথে বিদায়ী শিক্ষার্থীদের সম্পর্ক কখনোই ছিন্ন হবে না। দেশে কিংবা বিদেশে, পৃথিবীর যে প্রান্তেই নোবিপ্রবির শিক্ষার্থীরা থাকুক না কেন, বিশ্ববিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পারস্পপরিক আত্মিক বন্ধন সুদৃঢ় রাখার লক্ষ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছর অন্তত একটি হলেও পুনর্মিলনী আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন ভিসি।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোবিপ্রবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



