কওমি ও আলিয়া মাদরাসার ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সাথে যুক্ত করতে এসএসসি ও এইচএসসি ‘নিশ-৩’ নামে দু’টি নতুন বিশেষ প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। ধর্মীয় শিক্ষার স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে এসব শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এই প্রোগ্রামটি চালুর আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ‘বাউবিতে এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘দেশের বৃহৎ জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করতে বাউবি দীর্ঘদিন কাজ করছে। কওমি ধারার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এ প্রোগ্রাম চালু করা হচ্ছে। এর মাধ্যমে তারা জাতীয় শিক্ষাধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।’
তিনি জানান, নিশ-৩ প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন এখনো চূড়ান্ত হয়নি। কর্মশালায় শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা আরো যুগোপযোগী করা হবে।
এ উদ্যোগ সফল হলে বাউবির শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছাম্মৎ শিরিন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম ও মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন ওপেন স্কুলের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাহীম ও সিলেবাসের সারসংক্ষেপ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো: চেঙ্গীশ খান। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন।
উল্লেখ্য, দারিদ্র্যমুক্ত, যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাউবি। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এই নিশ-৩ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাউবি কর্তৃপক্ষ।



