জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত পুকুরের ঘাটে গোসল ও অননুমোদিত ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কেউ অনুমতি ছাড়া পুকুরে গোসল, ঘাটে প্রবেশ বা অবস্থান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) নির্দেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় পুকুর (বড় ও ছোট) ঘাট নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে, প্রতিনিয়ত পুকুরঘাটে গোসল, কাপড় ধোয়া এবং ঘাটের ছাদ থেকে পুকুরে লাফিয়ে পড়া, নানারকম কসরত করতে ঘাটটিতে সকাল-সন্ধ্যা ভিড় জমে থাকে।
এতে আরো বলা হয়, ঘাটটিতে এমন অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও ঘাটের ক্ষতি সাধনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ কারণে উক্ত পুকুরে জনসাধারণের গোসল এবং ঘাট ব্যবহার নিষেধ করা হলো।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে আরো বলা হয়, কেউ যদি বিনা অনুমতিতে ওই পুকুরে গোসল এবং ঘাটে প্রবেশ বা অবস্থান করেন, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।



