মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দিয়েছে অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
শনিবার রাত ৮টায় রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেনের দীর্ঘ শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তার নেতৃত্বে নবগঠিত মেহেরপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করবে। তারা বিশ্ববিদ্যালয়টির সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করেন।
সংবর্ধনার জবাবে অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন তার প্রতি আস্থা ও সম্মান প্রদর্শনের জন্য অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ড. শহীদ আহমেদ, মাহমুদুল হাসান সোহেল, হারুনুর রশীদ, নুরুল আমিন, আসাদুর রহমান, তাফহীমুর রহমান বাকী, সেলিম উদ্দিন, মাহমুদুর রহমান সোহেল, হুসনা তাসনিমা আনজুম, সাইফুল্লাহ রুবেল, রায়হানুল ইসলাম, হাফিজুর রহমান ও ফয়সালসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সংবর্ধিত ভিসির সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার সফল কর্মজীবন ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।



