জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর বর্তমান সংসদের মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র ১২ দিন। এরই মধ্যে পরবর্তী জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বর্তমান সংসদ। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়নসহ চার দফা দাবি জানিয়েছে তারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জাকসুর নেতৃবৃন্দ।
জাকসুর চার দফা দাবির মধ্যে রয়েছে— জাকসু নির্বাচন নিয়মিত ও নির্ধারিত সময়ে আয়োজনের জন্য সুস্পষ্ট নির্বাচনী ক্যালেন্ডার প্রণয়ন, বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘমেয়াদি নেতৃত্বশূন্যতা এড়াতে আগেভাগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ও দ্রুত তফসিল ঘোষণা, জাকসুর গঠনতন্ত্র ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাকসুকে আরো কার্যকর করতে প্রশাসনের সাথে নিয়মিত সমন্বয় ও মতবিনিময়ের ব্যবস্থা করা।
এ সময় জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমরা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছি। আর মাত্র ১২ দিন পরেই জাকসুর মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম দেখতে চাই।’
জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, ‘নির্বাচিত জাকসুর মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ সময় নেতৃত্বশূন্যতা তৈরি হলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে সঙ্কট তৈরি হতে পারে। তাই বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘নিয়মিত ও অংশগ্রহণমূলক জাকসু নির্বাচন শুধু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে না; বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা, জবাবদিহি ও নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের ১১ সেপ্টেম্বর এবং নির্বাচিত জাকসু নেতারা ১৮ সেপ্টেম্বর শপথ গ্রহণ করেন। বর্তমান জাকসুর এক বছর মেয়াদি কার্যকাল আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হবে।



