দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্য থেকে ভবিষ্যৎ বিজ্ঞানী খুঁজে বের করার লক্ষ্যে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজের ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী শিক্ষার্থী ও শিক্ষকরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের নিজেদের উদ্ভাবিত মডেল সরাসরি উপস্থাপন করতে হবে। প্রকল্পের ধারণা সম্পূর্ণ মৌলিক ও অনন্য হতে হবে। এর আগে কোথাও প্রদর্শিত বা উপস্থাপিত কোনো প্রকল্প প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না।
প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর। বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। বিজয়ীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল দেয়া হবে।
এ ছাড়া শীর্ষ পাঁচ বিজয়ীকে তাদের স্টার্টআপ উদ্যোগের জন্য আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান ও ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের সামনে সরাসরি নিজেদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন।
আগ্রহীদের নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য zrf.info/registration ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে



