ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কর্মশালায় অংশগ্রহণকারী প্রায় সাড়ে সাতশ’ শিক্ষার্থীর মধ্যে বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

নয়া দিগন্ত ডিজিটাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় আয়োজিত মাসব্যাপি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী প্রায় সাড়ে সাতশ’ শিক্ষার্থীর মধ্যে বাছাইকৃত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

ডাকসুর আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও কর্মশালার আয়োজক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া, বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম, নটনাট্যের সভাপতি নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক, তাইরান সম্পাদক তাসনিম মাহমুদ, নাট্যাভিনেতা সরদার আব্বাস, নির্মিতা এইচএম নুর, আবৃত্তিকার তারিক হাসিব ও নাট্য অভিনেত্রী উম্মে হানী মেঘলা।

ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের আয়োজনে, নটনাট্য ও বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের ব্যবস্থাপনায় এই কর্মশালায় অংশগ্রহণকারীরা লেখালেখির বিভিন্ন কৌশল, গল্প ও নাট্যরচনা, চরিত্র নির্মাণ, সংলাপ, অভিনয় এবং মঞ্চ উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৃজনশীল চর্চার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান।