ইবি প্রতিনিধি
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২২টি স্থানে ময়লার বিন স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে বিন স্থাপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘সকলের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে ক্যাম্পাসের প্রায় ২২টি পয়েন্টে বিন স্থাপন করা হচ্ছে। যত্রতত্র ময়লা না ফেলে আমরা নির্দিষ্ট জায়গায় ময়লাটা ফেলি। বিনে জমা হওয়া বর্জ্য পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত সংগ্রহ করে নির্ধারিত ডাম্পিং স্থানে নিয়ে যাবেন।’
তিনি বলেন, ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এর পাশাপাশি সবুজ ক্যাম্পাস বিনির্মাণে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিও অব্যাহত থাকবে।’



