শাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ব যখন উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন অপ্রয়োজনীয় দ্বন্দ্বে সময় নষ্ট না করে জ্ঞান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ৭০০ শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় জীবনকে দক্ষতা অর্জন, গবেষণা, নৈতিকতা ও দেশগঠনের প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। একই সাথে সংগঠনের কার্যক্রম, শিক্ষাজীবনের করণীয় এবং ক্যাম্পাসে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ব যখন উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন অপ্রয়োজনীয় দ্বন্দ্বে সময় নষ্ট না করে জ্ঞান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রথম বর্ষ থেকেই ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণ এবং পাইথন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এক্সেল, পরিসংখ্যান ও গবেষণাসংক্রান্ত আধুনিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয় জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী শিক্ষক ও মেধাবী সহপাঠীদের সাথে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ সৃষ্টি করে দক্ষ মানবসম্পদ তৈরির ওপরও তিনি গুরুত্ব দেন।

বক্তব্যে তিনি দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, গবেষণায় বিনিয়োগ, আবাসন সংকট, মেধাপাচার ও শিল্পায়নের বিষয়েও কথা বলেন। পাশাপাশি অতীত সরকারের বিভিন্ন নীতি, দুর্নীতি, চাঁদাবাজি, শিক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনা করেন। ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দেশের সামগ্রিক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নিয়েও নিজের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি তাদের হাতে পবিত্র কোরআন, ইসলামিক বই, কলম, চাবির রিং, শিবির পরিচিতি স্টিকার এবং কাঠের পেন হোল্ডার উপহার হিসেবে তুলে দেয়া হয়।