নীতিমালা মেনে কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ইউজিসি চেয়ারম্যানের আহ্বান

শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থী, জ্ঞান, গবেষণা ও মুক্তচিন্তার কেন্দ্র। কোনো প্রতিষ্ঠান প্রচলিত আইন, বিধি ও ইউজিসির নির্দেশনা অনুসরণ না করলে শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন

বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, সংশ্লিষ্ট বিধি ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

রাজধানীর অফিসার্স ক্লাবে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বৃহস্পতিবার এ আহ্বান জানান।

সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান এবং বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর প্রফেসর ড. মো: জামাল উদ্দীন।

সভায় অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিদ্যমান আইন ও বিধি অনুসরণে ব্যত্যয় ঘটলে এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উচ্চশিক্ষায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্য না রেখে প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীর সাফল্য নির্ভর করে সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার চেয়ে বেশি- সে কী শিখছে, কী ধরনের দক্ষতা অর্জন করছে এবং নিজেকে কর্মক্ষেত্রের জন্য কতটা প্রস্তুত করছে তার ওপর।

বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তের জ্ঞান ও তথ্য এখন শিক্ষার্থীদের হাতের নাগালে। তাই বিশ্ববিদ্যালয় নতুন না পুরোনো, সেটি নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণায় নিজেদের যোগ্য করে তুলতে হবে। মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা হয়েছে, সেটি মুখ্য নয়।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষায় প্রায় ৫০ লাখ শিক্ষার্থী রয়েছে এবং ইউজিসি তাদের সবার অভিভাবক। সরকারি-বেসরকারি, পুরোনো-নতুন কিংবা প্রকৌশল-কৃষি-কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই বৈষম্য করা হবে না। পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার মাধ্যমে একটি সমন্বিত উচ্চশিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে তিনি বলেন, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট ৫ শতাংশ কমানো হয়েছে। আরো ৫ শতাংশ কমানোর জন্য সরকারের সাথে ইউজিসি আলোচনা করছে। ভ্যাট কমার ফলে সাশ্রয় হওয়া অর্থ শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণ, শিক্ষক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় ব্যয় করার প্রত্যাশা করছে কমিশন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ট্রাস্টি বোর্ডের হস্তক্ষেপ থাকা উচিত নয়। ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতে হবে।

শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থী, জ্ঞান, গবেষণা ও মুক্তচিন্তার কেন্দ্র। কোনো প্রতিষ্ঠান প্রচলিত আইন, বিধি ও ইউজিসির নির্দেশনা অনুসরণ না করলে শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁও ইউনিভার্সিটির প্রায় ২০ হাজার সাবেক শিক্ষার্থীর অ্যালামনাই নেটওয়ার্কের প্রশংসা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ। বিভিন্ন ক্ষেত্রে সফল সাবেক শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ ও সহযোগিতা শিক্ষার পরিবেশকে আরো সমৃদ্ধ করতে পারে।

অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী শিপুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং নবীন ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।