বিদ্যুৎ অপচয় রোধে ঢাবিতে ছাত্রদলের পোস্টারিং কর্মসূচি

‘স্বৈরাচার সরকারের ১৭ বছরে বিদ্যুৎ খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। বর্তমানে বৈশ্বিক জ্বালানি সঙ্কটের কারণে দেশে বিদ্যুৎ সঙ্কট বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধে গ্রাহকদের সচেতনতা এ সঙ্কট অনেকাংশে কমিয়ে আনতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং কর্মসূচি পালন করেছে ছাত্রদলের একাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং কর্মসূচি পালন করেছে ছাত্রদলের একাংশ |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়। পোস্টারগুলোতে লেখা ছিল—‘অপচয় নয়, বিদ্যুৎ সাশ্রয় হোক অভ্যাস, আলোকিত থাকুক বাংলাদেশ।’

কর্মসূচি সম্পর্কে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বলেন, ‘স্বৈরাচার সরকারের ১৭ বছরে বিদ্যুৎ খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। বর্তমানে বৈশ্বিক জ্বালানি সঙ্কটের কারণে দেশে বিদ্যুৎ সঙ্কট বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধে গ্রাহকদের সচেতনতা এ সঙ্কট অনেকাংশে কমিয়ে আনতে পারে।’

তিনি বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার বিদ্যুৎ সঙ্কট নিরসনে টেকসই উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। খুব কম সময়ের মধ্যে এ সঙ্কটের একটি টেকসই সমাধান আসবে বলে আমরা আশাবাদী।’

মাছুম বিল্লাহ আরো বলেন, ‘বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাতি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু না রাখা এবং ব্যবহারের পর তা বন্ধ করার অভ্যাস গড়ে তুললে বিদ্যুতের অপচয় কমানো সম্ভব। বিদ্যুৎ সাশ্রয় শুধু ব্যক্তিগত বা পারিবারিক দায়িত্ব নয়; এটি জাতীয় স্বার্থেরও বিষয়। তাই বিদ্যুতের সঠিক ও সাশ্রয়ী ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।’