পাবিপ্রবিতে ২৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

প্রথমবারের মতো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এক সাথে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৪ বিশ্ববিদ্যালয়ের ৫৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

পাবিপ্রবি প্রতিনিধি

Location :

Pabna
পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় দেশের ২৪টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৪টি দল এবং পাবনার ১৬টি স্কুল ও কলেজ অংশ নিয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রউফ। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোবাশ্বিরা গালিবা তন্বী। প্রথমবারের মতো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এক সাথে জাতীয় পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, ‘বর্তমান বাস্তবতায় বিতর্কের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। বিতর্ক মানুষকে কোনো বক্তব্য শুনেই বিশ্বাস না করে প্রশ্ন করতে এবং কোনো দাবি গ্রহণের আগে তার পক্ষে প্রমাণ খুঁজতে শেখায়।’

ভিসি আরো বলেন, ‘তথ্যের আধিক্যের এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য তথ্য, মতামত ও দাবি মানুষের সামনে আসে। কিন্তু সব তথ্য সত্য নয় ও সব মতামতও যুক্তিনির্ভর নয়। তাই তথ্য যাচাই ও যুক্তিনির্ভর চিন্তার চর্চায় বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

পাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রউফ বলেন, ‘আলোকিত সমাজ গড়তে বিতর্ক করুন। কারণ বিতর্কের সৌন্দর্য প্রতিপক্ষকে পরাজিত করার মধ্যে নয়; বরং ভিন্নমতকে সম্মান করে যুক্তির মাধ্যমে সত্যের আরো কাছাকাছি পৌঁছানোর মধ্যেই বিতর্কের প্রকৃত সৌন্দর্য নিহিত।’

প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দল।

এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিতার্কিক দলও প্রতিযোগিতায় অংশ নেয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এছাড়া উপস্থিত ছিলেন পাস্ট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহ এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির।