‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে শাখা ছাত্রদল সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক জহির রায়হানের নেতৃত্বে মিছিলটি হয়।
মিছিলটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
পরে সমাবেশে বক্তারা বলেন, ‘হাসিনাকে ফেরত দেয়ার মাধ্যমে ভারতকে প্রমাণ করতে হবে তারা বাংলাদেশের বন্ধু। তা না হলে বাংলাদেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারবে না। হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় দেখতে চায় বাংলাদেশের মানুষ।’
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষকে ঘিরে সোম ও মঙ্গলবার ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদলের লেখা ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ মুছে দেয় ছাত্রদল। এরপর আওয়ামী লীগ বিরোধী এই বিক্ষোভ মিছিলটি বেশ আলোচনার জন্ম দিয়েছে ক্যাম্পাসে।



