চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মেয়েদের গড় পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, যেখানে ছেলেদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিলেন।
দেশের ১১টি বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ৮ দশমিক ৮২ শতাংশ বেশি।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ এবং ছেলেদের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশের বিপরীতে মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৫১ দশমিক ১৪ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ।



