জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রশিবির।
বুধবার (২২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনটির পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল-পরবর্তী সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, ‘আমরা দেখেছি, সরকার দলের নেতারা নির্বাচনের আগে এক কথা বলেছে, আর নির্বাচনের পরে ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে সেই কথা থেকে বের হয়ে গেছে। আগে বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটে ‘হ্যাঁ’ দিতে বলেছে, এখন বলছে নির্বাচনের কারণে এসব বলেছে। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, জুলাই-আগস্টে যেভাবে রাজপথে ছিলাম, একইভাবে জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়ব।’
তিনি আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে এখন কুসুম কুসুম সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। অথচ এই আওয়ামী লীগই বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের হাজারো নেতাকর্মীকে খুন করেছে, গুম করেছে, ফাঁসি দিয়েছে। তাদের সাথে এই ধরনের কুসুম কুসুম সম্পর্কের মানে কী, এটা আমার বুঝে আসে না। অবশ্যই আওয়ামী লীগের বিচার ও খুনি হাসিনার বিচার বাংলার বুকে হতে হবে। যতদিন না হবে, আমরা জুলাইযোদ্ধা ও আগামী প্রজন্ম মাঠ ছাড়ব না। আর গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার বাস্তবায়ন ছাড়া অন্য কোনো উপায় এ সরকারের নেই।’
শাখা সভাপতি ইউসুফ আলী বলেন, ‘আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থাকে মূলোৎপাটন করতে জুলাই আন্দোলন করেছি, সেই ব্যবস্থা এখনো বহাল আছে। শুধু ফ্যাসিস্টের পরিবর্তন হয়েছে। বর্তমান সরকারও আগের সরকারের মতোই দেশ পরিচালনা করছে। গণভোটে জনগণের দেয়া রায় প্রত্যাখ্যান করা হয়েছে। বাংলাদেশের জনগণ কোনো মুচলেকা দেয়া সরকার বা আধিপত্যবাদ মেনে নেবে না। যদি এই পথ থেকে ফিরে না আসেন, জনগণ আপনাদের গদি থেকে নামাতে বাধ্য করবে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলে দেয়া হচ্ছে। অথচ আওয়ামী লীগ একটি প্রকাশ্য গণহত্যাকারী দল, যাকে সামাজিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনিদের সাথে আঁতাত করলে জনগণ তার কড়া জবাব দেবে।’



