ডাকসুর উদ্যোগে সূর্যসেন হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘এই কম্পিউটার ল্যাবটি আমাদের ইশতেহারে ছিল না। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে ইশতেহারের বাইরেও আমরা অনেক উদ্যোগ নিয়েছি।’

ঢাবি প্রতিনিধি
সূর্যসেন হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করল ডাকসু
সূর্যসেন হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করল ডাকসু |ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে ১০টি আধুনিক কম্পিউটার সম্বলিত ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো: মাজহারুল ইসলামের উদ্যোগে সেন্টারটি স্থাপন করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদিক কায়েম যৌথভাবে সেন্টারটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থায়নকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ড. তৈয়বুর রহমান, সূর্য সেন হল সংসদের ভিপি আজিজুর রহমান, জিএস জাবির হোসেন, এজিএসসহ হল সংসদ ও ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টারটির সার্বিক বাস্তবায়ন করেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো: মাজহারুল ইসলাম। এতে সূর্য সেন হল সংসদ বাস্তবায়নে সহযোগিতা করে।

উদ্বোধন-পরবর্তী বক্তব্যে মো: মাজহারুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে আবাসিক হলগুলোতে একাডেমিক লজিস্টিকসের পর্যাপ্ততা বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরো জানান, প্রতিটি হলে ক্যারিয়ার সেন্টার স্থাপনের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও অর্থায়ন বড় চ্যালেঞ্জ ছিল। এ চ্যালেঞ্জ মোকাবিলায় গত ১১ মাস ধরে বিভিন্ন দাতা সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সরকারি দফতরে ল্যাব স্থাপনের প্রস্তাবনা নিয়ে কাজ করেছেন তিনি।

মাজহারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আজ সফলতার মুখ দেখছে। প্রথম দুটি হলের পর আজ তৃতীয় হল হিসেবে সূর্যসেন হলে এই ল্যাবের সফল উদ্বোধন হলো। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বাকি হলগুলোতেও এই আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার উদ্বোধন করা হবে, ইনশাআল্লাহ।’

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘এই কম্পিউটার ল্যাবটি আমাদের ইশতেহারে ছিল না। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে ইশতেহারের বাইরেও আমরা অনেক উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কাজের পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ এবং ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য ডাকসু নেতৃবৃন্দ, অর্থায়নকারী ব্যক্তি ও হল সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সূর্য সেন হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ পূর্ণতা পেয়েছে। ল্যাবটির সার্বিক তত্ত্বাবধান এবং এটিকে আরো ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হল প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।