দীর্ঘ ১২ বছর পর নতুন প্রো-ভিসি পেল রুয়েট

রুয়েটে সর্বশেষ প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা আলী। তিনি ২০১০ সালের ১২ অক্টোবর প্রো-ভিসি হিসেবে নিয়োগ পান এবং ২০১৪ সালের ১১ অক্টোবর তার চার বছরের মেয়াদ শেষ করেন।

রুয়েট প্রতিনিধি
রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আখতার হোসেন
রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আখতার হোসেন |নয়া দিগন্ত

দীর্ঘ ১২ বছর পর ‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: আখতার হোসেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

‎সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২১(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো: আখতার হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসরের নির্ধারিত তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎এতে আরো বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব পালনের সময় তাকে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী প্রো-ভিসির ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জনস্বার্থে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

‎অধ্যাপক ড. মো: আখতার হোসেন রুয়েটের পুরকৌশল বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তার নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

‎উল্লেখ্য, রুয়েটে সর্বশেষ প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা আলী। তিনি ২০১০ সালের ১২ অক্টোবর প্রো-ভিসি হিসেবে নিয়োগ পান এবং ২০১৪ সালের ১১ অক্টোবর তার চার বছরের মেয়াদ শেষ করেন।

এরপর প্রায় ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে প্রো-ভিসির পদটি শূন্য ছিল। দীর্ঘ এই সময় পর নতুন প্রো-ভিসি নিয়োগের মাধ্যমে রুয়েটের প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণ হলো।

‎বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রো-ভিসির নেতৃত্বে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক সমন্বয় এবং চলমান উন্নয়ন কার্যক্রমে আরো গতি আসবে। বিশেষ করে দীর্ঘদিন শূন্য থাকা এ পদে নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমকে আরো কার্যকর ও সমন্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে।