পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলুস, মিলাদ মাহফিল, সিরাত আলোচনা, নাতে রাসুল, কোরআন তিলাওয়াত, তবারক ও বই বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল উপলক্ষে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, ন্যায়, সহনশীলতা ও শান্তির বাণী স্মরণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও আবাসিক হলের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। দিনভর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দুরুদ, নাতে রাসুল ও সিরাত আলোচনায় সৃষ্টি হয় ধর্মীয় আবহ।
দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিতে বাদ জোহর মিলাদ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিঅধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠানে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহা. মিজানুর রহমান ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বক্তব্য দেন।
ভিসি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলতে পারলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সা.)-এর সত্যবাদিতা, দয়া, সহনশীলতা ও ন্যায়বিচারের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।
বাদ আসর কেন্দ্রীয় মসজিদ থেকে ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে জুলুস বের করা হয়। ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। জুলুসটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে ইনকিলাব মঞ্চের উদ্যোগেও কেন্দ্রীয় মসজিদ থেকে ‘মাওলিদ মিছিল’ বের করা হয়।
সন্ধ্যায় টিএসসির পায়রা চত্বরে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাওলিদ-এ মুহাম্মদ (সা.)’। এতে কোরআন তিলাওয়াত করেন কারী মাহবুবুর রহমান। নাতে রাসুল পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী, দারুন্নাজাত শিল্পীগোষ্ঠী ও শিল্পী মুস্তাফিজুর রহমানসহ অন্যরা।
অন্যদিকে, মধুর ক্যান্টিনের এশরাত মঞ্জিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও প্রবাহ সাহিত্য সংস্কৃতি সংসদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘খোয়াবে মদিনা-নবীজীর শানে নাতে রাসুল সন্ধ্যা’। মিলাদ, নাতে রাসুল ও তবারক বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। সমবেত কণ্ঠে দুরুদ ও নাত পরিবেশনের সময় মধুর ক্যান্টিন এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা টিএসসির ডাচ চত্বরে ‘ইশকে মোস্তফা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। মিলাদ, নাতে রাসুল ও তবারক বিতরণের মাধ্যমে তারা দিনটি পালন করে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের উদ্যোগে হলের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ‘নাতে মোস্তফা’ অনুষ্ঠান। এতে মিলাদ, নাত সন্ধ্যা ও হালুয়া-রুটি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রাকিবুল হক।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল দাওয়াহ অ্যান্ড কালচারাল ক্লাব ও হল সংসদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা’। এতে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে আতর, টুপি ও তবারক বিতরণ এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল, কিয়াম ও তবারক বিতরণ করা হয়। হল সংসদ, এলাকাভিত্তিক সংগঠন ও বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নাতে রাসুল ও সিরাত আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ তৈরির লক্ষ্যে সংগঠনটি ‘আমার নবীজি ﷺ’ শীর্ষক বই ভর্তুকি মূল্যে বিতরণের কর্মসূচি নেয়। কেন্দ্রীয় গ্রন্থাগার, কার্জন হলসহ বিভিন্ন স্থানে ক্যাম্পেইন বুথের মাধ্যমে এক হাজার কপি বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
সন্ধ্যার পর মধুর ক্যান্টিন, টিএসসি, আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে দুরুদ ও নাতে রাসুলের সুরে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী ও সদস্যরা এসব আয়োজনে অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার যে সম্প্রীতি, ঐক্য ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ চর্চার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।



