জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪৩তম বার্ষিক অধিবেশনে ভিসির লিখিত ভাষণে তিনি এই তথ্য জানান।
ভিসি বলেন, ‘২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যলয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। আমি ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৭০৭ জন শিক্ষক, ৩৯২ জন কর্মকর্তা, ৯৯৮ জন তৃতীয় শ্রেণির কর্মচারী ও ৪৫৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন। জাবি স্কুল ও কলেজের শিক্ষক সংখ্যা ৪৭ জন। বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ১৯৭ জন। এমফিল গবেষকের সংখ্যা ৯১৬ জন এবং পিএইচডি গবেষকের সংখ্যা ৯৫৪ জন।’
এর আগে, গত বছর অনুষ্ঠিত ৪২তম সিনেট অধিবেশনে এ বছরের (২০২৬ সালের) ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করার কথা জানিয়েছিলেন ভিসি ড. মোহাম্মদ কামরুল আহসান।



