জকসুর উদ্যোগে জবি মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব উদ্বোধন

জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসাসেবা ও রোগ নির্ণয়ের জন্য নিজস্ব ল্যাব স্থাপন করা জকসুর অন্যতম অঙ্গীকার ছিল। মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তব প্রতিফলন ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন ও নতুন প্যাথলজিক্যাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরো আধুনিক, দ্রুত ও মানসম্মত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও জিএস আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা তাদের শিক্ষাজীবনের সাফল্যের অন্যতম প্রধান শর্ত। তিনি বলেন, এতদিন জবি মেডিক্যাল সেন্টারে কাঙ্ক্ষিত কিছু সুবিধার ঘাটতি থাকলেও জকসুর এ গঠনমূলক ও যুগোপযোগী উদ্যোগের ফলে সাধারণ শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসেই আধুনিক চিকিৎসাসেবা ও প্রাথমিক ল্যাব টেস্টের সুবিধা পাবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। জকসুর শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

JnU-02-09===

সভাপতির বক্তব্যে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসাসেবা ও রোগ নির্ণয়ের জন্য নিজস্ব ল্যাব স্থাপন করা জকসুর অন্যতম অঙ্গীকার ছিল। মেডিক্যাল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তব প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন সামান্য পরীক্ষা-নিরীক্ষা বা প্রাথমিক চিকিৎসার জন্য ক্যাম্পাসের বাইরে গিয়ে ভোগান্তি কিংবা অতিরিক্ত আর্থিক ব্যয়ের মুখে না পড়ে, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জকসু কাজ করে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান, প্রক্টর অধ্যাপক ড. আজম খান, ইউনিভার্সিটি টিচার্স লিংকের সাংগঠনিক সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. ছালেহ উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুকসহ জকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা মেডিক্যাল সেন্টারের নবসজ্জিত কক্ষ ও নতুন স্থাপিত প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করেন।