ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষক নিয়োগকে ঘিরে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলিকে আহ্বায়ক, একাডেমিক শাখার কর্মকর্তা মো: শহিদুল ইসলামকে সদস্যসচিব এবং থিওলজি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সেকান্দার আলীকে সদস্য করা হয়েছে।
এর আগে আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনীনের প্রভাষক পদে নিয়োগকে কেন্দ্র করে গণমাধ্যমে ধারাবাহিকভাবে বিভিন্ন অভিযোগ প্রকাশিত হয়। অভিযোগের মধ্যে ছিল বিভাগীয় পরিকল্পনা (প্ল্যানিং) ছাড়াই নিয়োগ প্রক্রিয়া শুরু, নিয়োগ বোর্ডের আগের দিন বোর্ডের এক্সপার্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চৌধুরী ফারহানের সাথে কুষ্টিয়ার একটি আবাসিক হোটেলে প্রার্থীর স্বামী অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সাক্ষাৎ এবং ড. জাহিদুল পরীক্ষা কমিটির দ্বায়িত্বে থাকাকালে একাডেমিক ক্রাইম করে প্রার্থীর একাডেমিক ফল বৃদ্ধি।
এ ছাড়া সংবাদকর্মী তথ্য চাইতে গেলে বিভাগের সভাপতির গড়িমসি এবং এক সাংবাদিককে বিকাশে টাকা পাঠিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগও সামনে আসে।



