ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বাউবিতে ই-অ্যাটেনডেন্স

ভিসি বলেন, ‘ই-অ্যাটেনডেন্সের পাশাপাশি ফলাফল প্রস্তুত ও প্রকাশ, পরীক্ষা নেয়া ও অভিযোগ ব্যবস্থাপনাসহ পরীক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হচ্ছে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাউবির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাউবির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষা ব্যবস্থাপনা আরো স্বচ্ছ, নির্ভুল ও আধুনিক করতে পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাউবির ই-লার্নিং সেন্টারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে দিনব্যাপী মাস্টার ট্রেইনার ডেভেলপমেন্ট ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর বলেন, ‘বাউবির পরীক্ষা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষা বিভাগকে অটোমেশনের আওতায় আনার কার্যক্রম এগিয়ে চলছে। মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্সের মাধ্যমে পরীক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য দ্রুত ও নির্ভুলভাবে কেন্দ্রীয়ভাবে জানা যাবে। এতে ভুয়া পরীক্ষার্থী, বিভিন্ন অনিয়ম ও উপস্থিত থেকেও অনুপস্থিত দেখানোর মতো সমস্যা প্রতিরোধ করা সহজ হবে।

তিনি বলেন, ‘ই-অ্যাটেনডেন্সের পাশাপাশি ফলাফল প্রস্তুত ও প্রকাশ, পরীক্ষা নেয়া ও অভিযোগ ব্যবস্থাপনাসহ পরীক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা আরো সহজ ও দ্রুত করার কাজও চলছে।’

বাউবির পরীক্ষা ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: হাবিবুল্যাহ মাহামুদ। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন আইসিটি ইউনিটের প্রধান মো: মমিনুল ইসলাম ও প্রোগ্রামার সঞ্জীব কুমার সাহা।

কর্মশালায় মাস্টার ট্রেইনারদের মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল ই-অ্যাটেনডেন্স সিস্টেমের কারিগরি দিক, ডাটা এন্ট্রি, রিয়েল-টাইম ভেরিফিকেশন এবং পরীক্ষার হলে উপস্থিতির তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়।

সমাপনী বক্তব্যে আইকিউসি পরিচালক ডিজিটালাইজেশনের এ কার্যক্রম দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে মাস্টার ট্রেইনার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমেদ।